ককরোচ বাহিনীর তাণ্ডব! বিশ্বভারতীতে নিয়োগ দুর্নীতির পোস্টারে চাঞ্চল্য!

নিয়োগে অনিয়ম, স্বজনপোষণ এবং আর্থিক লেনদেনের গুরুতর অভিযোগে হঠাৎই উত্তাল হয়ে উঠেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চত্বর। বৃহস্পতিবার সকাল থেকেই শান্তিনিকেতন ও ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে ‘ককরোচ জনতা পার্টি’র ব্যানারে সাঁটানো একাধিক বেনামি পোস্টারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিনয়ভবন ও সঙ্গীতভবনসহ বিভিন্ন বিভাগে সহকারী কর্মসচিব এবং শিক্ষক নিয়োগে চরম নিয়মবহির্ভূত প্রক্রিয়ার অভিযোগ তুলে একটি নিরপেক্ষ উচ্চপর্যায়ের তদন্তের জোরালো দাবি জানানো হয়েছে ওই পোস্টারগুলিতে।
এই বিস্ফোরক পোস্টার প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে নামহীন পোস্টার নিয়ে কর্তৃপক্ষ কোনও মন্তব্য করবে না এবং তারা এতে বিচলিতও নয়। তবে বিশ্বভারতীর মতো একটি ঐতিহ্যবাহী ও বিশ্ব হেরিটেজ মর্যাদাপ্রাপ্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে বারবার এমন অভিযোগ ওঠায় বিশ্ববিদ্যালয়ের অন্দরে তৈরি হয়েছে গভীর অস্বস্তি। ‘শিক্ষা বাঁচাও, দুর্নীতি হঠাও, বিশ্বভারতী বাঁচাও’ এই স্লোগানকে সামনে রেখে সামনে আসা এই ঘটনাকে কেন্দ্র করে শান্তিনিকেতন জুড়ে শুরু হয়েছে তীব্র জল্পনা ও বিতর্ক।