১৫ অগাস্ট পর্যন্ত একের পর এক ট্রেন বাতিল! যাত্রীদের স্বস্তি দিতে রেলে আসল বড় সিদ্ধান্ত

দক্ষিণ পূর্ব রেলের নিত্যযাত্রীদের জন্য জরুরি খবর। আগামী ১৫ অগাস্ট পর্যন্ত এই শাখায় চলাচলকারী বেশ কিছু মেমু ট্রেন বাতিলের কথা ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, চক্রধরপুর-রাউরকেলা, রাউরকেলা-ঝাড়সুগুদা এবং ঝাড়সুগুদা-সম্বলপুর রুটের দু’জোড়া মেমু ট্রেন (৬৮০৩১, ৬৮০৩২, ৬৮০৩৩, ৬৮০৩৪) আগামী ১৫ তারিখ পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকছে। ফলে স্বাধীনতা দিবসের আগে ওই বিশেষ রুটগুলিতে সাধারণ যাত্রীদের যাতায়াতে কিছুটা দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে।
তবে এই পরিস্থিতিতে ভিড় সামলাতে দূরপাল্লার যাত্রীদের জন্য স্বস্তির খবর নিয়ে এসেছে রেল। খড়গপুর ডিভিশনের অধীনে চলা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এক্সপ্রেসে সাময়িকভাবে অতিরিক্ত কামরা যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘোষণা অনুযায়ী, ৮ থেকে ১৪ অগাস্ট পর্যন্ত হাওড়া-পুরী সুপারফাস্টে একটি স্লিপার, সাঁতরাগাছি-পুরুলিয়া ও পুরুলিয়া-হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেসে একটি করে নন-এসি চেয়ার কার যুক্ত থাকছে। এছাড়া শালিমার-এলটিটি কুরলা এবং শালিমার-চের্লাপল্লী ইস্ট কোস্ট এক্সপ্রেসেও এসি থ্রি-টায়ার ও স্লিপার কোচ বাড়াচ্ছেন কর্তৃপক্ষ।