বিশ্ব পর্যটন মানচিত্রে জুড়বে নেতাজির সংগ্রহশালা! কার্শিয়াং নিয়ে বড় ঘোষণা স্পিকার রথীন্দ্রনাথের

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দার্জিলিংয়ের কার্শিয়াঙে অবস্থিত ঐতিহাসিক নেতাজি সুভাষচন্দ্র বসুর সংগ্রহশালা পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু। গিদ্দা পাহাড়ে অবস্থিত নেতাজি ইনস্টিটিউট ফর এশিয়ান স্টাডিজ ঘুরে দেখে এই সংগ্রহশালাটিকে বিশ্ব পর্যটন মানচিত্রে তুলে ধরার বড় ঘোষণা করেছেন তিনি। স্পিকার জানান, ব্রিটিশ আমলের স্মৃতিবিজড়িত এই সংগ্রহশালা পাহাড়ের সঙ্গে নেতাজির অবিচ্ছেদ্য সম্পর্ককে সংরক্ষণ করছে এবং আগামী দিনে এটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে।
সম্প্রতি নেতাজিকে নিয়ে কিছু বিতর্কিত মন্তব্যের প্রেক্ষাপটে স্পিকার রথীন্দ্রনাথ বসু নাম না করে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, নেতাজি কোনো সাধারণ নাম নন, তিনি প্রতিটি ভারতবাসীর আবেগ ও গর্বের প্রতীক। তাঁর সম্পর্কে মন্তব্য করার সময় বিশিষ্ট ব্যক্তিদের আরও সতর্ক হওয়া উচিত এবং কেউ মানুষের ভাবাবেগে আঘাত করলে সরকার অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।