মাছ-ডিম অতীত, মিড ডে মিলে এবার রাজকীয় সারপ্রাইজ! খুদেদের আবদারে স্কুলে এলাহি আয়োজন
মথুরাপুরের চাপলা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে মিড ডে মিলের রোজকার একঘেয়ে মেনুতে এল বিশাল চমক। মাছ-ডিমের বদলে শিক্ষার্থীদের বিশেষ আবদারে স্কুলে আয়োজিত হল এক বর্ণাঢ্য ‘বিরিয়ানি উৎসব’। পড়ুয়াদের পাতে চিকেন বিরিয়ানি তুলে দেওয়ার এই অভিনব উদ্যোগ ঘিরে গোটা বিদ্যালয় চত্বরে আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়। খুদেদের ইচ্ছা পূরণ ও স্বাদে বৈচিত্র্য আনার এই প্রচেষ্টায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা এবং তাঁদের অভিভাবকরাও শিক্ষক-শিক্ষিকাদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখর হালদার জানান, প্রান্তিক এলাকার এই বিদ্যালয়ে প্রতি সপ্তাহে একদিন শিক্ষার্থীদের পছন্দ অনুযায়ী খাবারের ব্যবস্থা করা হয়। অন্যান্য সপ্তাহে মাছ বা ডিম দেওয়া হলেও, এবার খুদেদের বিশেষ দাবিতে আয়োজন করা হয়েছিল এই রাজকীয় মধ্যাহ্নভোজের। পড়াশোনার পাশাপাশি শিক্ষাদান ও শিশুদের মানবিক চাহিদাকে প্রাধান্য দেওয়ার এই অনন্য উদ্যোগ গোটা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের মন ভালো রাখতে ভবিষ্যতেও এই ধরনের আনন্দদায়ক উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে।