জনগণনায় এবার ৪০ প্রশ্ন! আধার ও কোভিড টিকা থেকে কী কী জানা চাইছে কেন্দ্র?

দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল এবং জাতিভিত্তিক তথ্য সমৃদ্ধ ‘জনগণনা ২০২৭’-এর দ্বিতীয় পর্যায়ের জন্য ৪০টি বিষয়ের তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রেজিস্ট্রার জেনারেল তথা জনগণনা কমিশনারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পর্যায়ে গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের আর্থ-সামাজিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, কর্মসংস্থান ও অভিবাসন সংক্রান্ত খুঁটিনাটি তথ্য সংগ্রহ করবেন। এই ধাপে ব্যক্তির নাম, ধর্ম, নাগরিকত্ব এবং পরিবারের বিস্তারিত তথ্যের পাশাপাশি কোভিড-১৯ টিকাকরণের স্থান, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল, আধার, ভোটার আইডি, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যও চাওয়া হবে।
২০২৭ সালের ফেব্রুয়ারিতে প্রস্তাবিত এই জনসংখ্যা গণনায় যুক্ত করা হয়েছে ডিজিটাল সাক্ষরতা ও যাতায়াতের মাধ্যমের মতো আধুনিক নানা বিষয়। এছাড়া বিবাহিত নারীদের সন্তান সম্পর্কিত তথ্য এবং কাজের সন্ধানে থাকা বা প্রান্তিক অর্থনৈতিক কাজের হিসাবও এই প্রক্রিয়ায় নথিভুক্ত করা হবে। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে সম্পন্ন হওয়া প্রথম পর্যায়ের গৃহগণনায় ছিল ৩৩টি প্রশ্ন। তবে দ্বিতীয় পর্যায়ের এই সর্বাত্মক ও আধুনিক ডিজিটাল সমীক্ষাই দেশের সামগ্রিক জনমিতিক এবং জাতিভিত্তিক রূপরেখা নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে।