মুক্তির আগেই লক্ষ্মীলাভ! সানি-প্রীতির ছবির ঝোড়ো অ্যাডভান্স বুকিংয়ে হইচই, আয় কত জানেন?

মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তোলার ইঙ্গিত দিচ্ছে বহুল প্রতীক্ষিত ঐতিহাসিক ড্রামা ‘বাটোয়ারা ১৯৪৭’। দেশভাগের পটভূমিতে নির্মিত এই ছবিটির অ্যাডভান্স বুকিং শুরু হতেই দর্শক মহলে দারুণ সাড়া মিলেছে। Sacnilk-এর তথ্য অনুযায়ী, ভারতজুড়ে ৩,৫৪৬টি শো-এর জন্য ইতোমধ্যে প্রায় ২০,০০০ টিকিট বিক্রি হয়ে গেছে। এর মাধ্যমে প্রথম দিনের জন্য ছবিটির আয় দাঁড়িয়েছে ৫৫.৫১ লক্ষ টাকা। তবে ব্লকড সিট হিসাব করা হলে এই আয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১.৬৬ কোটি টাকা, যা বক্স অফিসে ছবিটির শক্ত অবস্থানেরই ইঙ্গিত দেয়।
অ্যাডভান্স বুকিংয়ের বিচারে দিল্লির বাজার সবচেয়ে শক্তিশালী, যেখানে ৪৭৩টি শো থেকে প্রায় ১৫.১৬ লক্ষ টাকা আয় হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা মহারাষ্ট্রে ৭০৬টি শো থেকে সংগৃহীত হয়েছে ১০.৩৬ লক্ষ টাকা। এছাড়া গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ থেকেও উল্লেখযোগ্য সাড়া পাওয়া গেছে। শহরের নিরিখে মুম্বই ও জয়পুর শীর্ষে থাকলেও, দুর্গাপুরের মাত্র দুটি শোতেই রেকর্ড ৯২ শতাংশ অকুপেন্সি দেখা গেছে। ১৯৪৭ সালের ভারত ভাগের মানবিক সংকট কেন্দ্রিক এই সিনেমাটিকে ঘিরে দর্শকদের এমন বিপুল আগ্রহ নির্মাতাদের আশাবাদী করে তুলছে।