বাসে মহিলাদের হেনস্তা করলেই চরম ভোগান্তি! সরকারি বাসের ঘটনায় কড়া হুঁশিয়ারি পরিবহণ মন্ত্রীর

বাসে মহিলা যাত্রীদের নিরাপত্তায় আর কোনো আপস নয়। কলকাতা-রায়গঞ্জগামী একটি সরকারি বাসে একা যাত্রা করা এক মহিলাকে চালক ও কন্ডাকটর কর্তৃক হেনস্তার লিখিত অভিযোগ পরিবহণ দপ্তরে পৌঁছাতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। অভিযোগ পাওয়ার সাথে সাথেই তৎক্ষণাৎ পদক্ষেপের নির্দেশ দেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের বিষয়টি দ্রুত খতিয়ে দেখে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার কড়া নির্দেশ জারি করেছেন। এই ঘটনায় গণপরিবহণে একা ভ্রমণরত মহিলাদের নিরাপত্তা নিয়ে নতুন করে কঠোর অবস্থানের কথা স্পষ্ট করেছে রাজ্য পরিবহণ দপ্তর।
পরিবহণ মন্ত্রী অর্জুন সিং সাফ জানিয়ে দিয়েছেন, যাত্রীদের নিরাপত্তা, মর্যাদা ক্ষুণ্ণ হওয়া কিংবা হয়রানি সংক্রান্ত কোনো অভিযোগ পেলেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা। কোনো কর্মী বা চালকের বিরুদ্ধে অসদাচরণ ও কর্তব্যে গাফিলতি প্রমাণিত হলে আইন ও নিয়ম অনুযায়ী দৃষ্টান্তমূলক পদক্ষেপ করা হবে। ভবিষ্যতে বাসে যাতে এই ধরনের অপ্রীতিকর ঘটনা আর না ঘটে এবং মহিলারা সম্পূর্ণ নিরাপদে যাতায়াত করতে পারেন, তা সুনিশ্চিত করতে পরিবহণ দপ্তর বদ্ধপরিকর। যাত্রীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় সফর নিশ্চিত করতে ইতিমধ্যেই কর্তৃপক্ষকে বেশ কিছু প্রয়োজনীয় নির্দেশাবলী দেওয়া হয়েছে।