২৫ কোটি মানুষ দারিদ্র্যমুক্ত, বিশ্বের অর্ধেক ডিজিটাল লেনদেন ভারতেই! কী বার্তা দিলেন রাষ্ট্রপতি?

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশবাসীর উদ্দেশে এক তাৎপর্যপূর্ণ ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। স্বাধীনতার ৮০তম বছরে পা রাখার লগ্নে তিনি ১৯৪৭ সালের ১৫ অগাস্টের ঐতিহাসিক মুহূর্ত ও ১৪ অগাস্ট বিভাজন বিভীষিকা স্মরণ করেন। এদিনের ভাষণে প্রথমবার সরকারি অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ ও জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। বিভিন্ন ক্ষেত্রের কর্মী, সশস্ত্র বাহিনী ও প্রবাসী ভারতীয়দের অবদানের কথাও সকৃতজ্ঞ চিত্তে স্বীকার করেন তিনি।
দেশের অর্থনৈতিক অগ্রগতি ও ডিজিটাল বিপ্লবের প্রশংসা করে রাষ্ট্রপতি জানান, ২৫ কোটি মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হয়েছেন এবং ৮০ কোটি মানুষ বিনামূল্যে খাদ্য পাচ্ছেন। এছাড়া বিশ্বের মোট ডিজিটাল লেনদেনের অর্ধেকের বেশি ভারতেই হয়। নারী প্রতিনিধিত্ব, আত্মনির্ভর ভারত ও যুবশক্তির প্রশংসা করার পাশাপাশি পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনতে একাধিক সংস্কারের কথা বলেন তিনি। বিদেশনীতিতে ‘বসুধৈব কুটুম্বকম’-কে অগ্রাধিকার দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।