অ্যাপল-স্যামসাং এখন ‘মেড ইন ইন্ডিয়া’! প্রযুক্তি শক্তিতে বিশ্বে নজির ভারতের

স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপন উপলক্ষে লালকেল্লার ঐতিহ্যবাহী প্রাঙ্গণ থেকে দেশের অভাবনীয় প্রযুক্তিগত ও অর্থনৈতিক উন্নতির চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানানোর পর জাতীয় পতাকা উত্তোলন করে জাতির উদ্দেশে ভাষণে তিনি তুলে ধরেন ভারতের ডিজিটাল ও প্রযুক্তিগত সাফল্যের খতিয়ান।
প্রধানমন্ত্রী জানান, গত কয়েক বছরে ভারতে মোবাইল ফোন উৎপাদন বেড়েছে ৩৩ গুণ। বর্তমানে অ্যাপল ও স্যামসাংয়ের মতো আন্তর্জাতিক সংস্থাগুলি ভারতেই তাদের হ্যান্ডসেট তৈরি করছে, যা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার পাশাপাশি তৈরি করছে প্রচুর কর্মসংস্থান। এছাড়া, গত ১২ বছরে দেশীয় ইলেকট্রনিক্স উৎপাদন সাতগুণ এবং প্রতিরক্ষা উৎপাদন চারগুণ বৃদ্ধি পেয়ে দেশকে আত্মনির্ভরতার পথে এগিয়ে নিয়েছে।
ভবিষ্যৎ প্রযুক্তিতে দেশকে এগিয়ে রাখতে ৬ থেকে ৭টি নতুন সেমিকন্ডাক্টর কারখানা এবং বিপুল সংখ্যক ডেটা সেন্টার তৈরির কাজ চলছে। সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণা হিসেবে প্রধানমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে ‘মেড ইন ইন্ডিয়া ৬জি’ প্রযুক্তি পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, যা ভারতকে বিশ্বমঞ্চে প্রযুক্তির নতুন লিডার হিসেবে প্রতিষ্ঠিত করবে।