গাছের গোড়ায় পা পড়তেই বিকট শব্দে ধামাকা! পঞ্চায়েত প্রধানের বাগানে মর্মান্তিক কাণ্ড, উড়ে গেল মজুরের আঙুল

গাছের গোড়ায় পা পড়তেই বিকট শব্দে ধামাকা! পঞ্চায়েত প্রধানের বাগানে মর্মান্তিক কাণ্ড, উড়ে গেল মজুরের আঙুল

নদিয়ার চাকদহের বিষ্ণুপুর দুবড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান অন্নপূর্ণা বিশ্বাসের বাড়িতে ঘটে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনা। শনিবার দুপুরে পঞ্চায়েত প্রধানের বাড়ির বাগানে গাছের ডাল কাটতে এবং পরিষ্কার করতে গিয়েছিলেন দেবদাস মুন্ডারি ও সরজিত সর্দার নামে দুই মজুর। গাছের গোড়ায় পড়ে থাকা একটি সন্দেহজনক বস্তু সরাতে গেলেই আচমকা বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের প্রবল তীব্রতায় ছিটকে পড়েন দুই শ্রমিকই। ঘটনার পর মুহূর্তেই রক্তভেজা অবস্থায় তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে।

পরবর্তীতে চিকিৎসাধীন দুই মজুরের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে তাঁদের কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তর করা হয়। জানা গিয়েছে, বিস্ফোরণে দেবদাস মুন্ডারির হাতের একাধিক আঙুল সম্পূর্ণ উড়ে গিয়েছে এবং তাঁর আঘাত অত্যন্ত গুরুতর। একইসঙ্গে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন সরজিত সর্দারও। পঞ্চায়েত প্রধানের বাসভবনে কীভাবে ও কী উদ্দেশ্যে অত শক্তিশালী বোমা মজুত রাখা হয়েছিল, তা নিয়ে এলাকা জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমে পঞ্চায়েত প্রধান অন্নপূর্ণা বিশ্বাসকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *