সম্পর্কে বরফ গলছে! স্বাধীনতা দিবসে পেট্রাপোল সীমান্তে মিষ্টি বিনিময় বিএসএফ ও বিজিবির

স্বাধীনতা দিবসের দিনে পেট্রাপোল সীমান্তে ধরা পড়ল দুই দেশের সৌহার্দ্যের এক অনন্য ছবি। রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের অবসান ঘটিয়ে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বিজিবির মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। গত কয়েকমাসে সীমান্ত পরিস্থিতি ও রাজনৈতিক পরিবর্তনের জেরে সম্পর্কে কিছুটা শীতলতা তৈরি হলেও, এদিনের এই উদ্যোগ বরফ গলার বার্তা দিচ্ছে। বিএসএফের ১৭৮ নম্বর ব্যাটেলিয়নের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া।
ইন্টিগ্রেটেড চেকপোস্ট এলাকায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বিজিবির আধিকারিকদের হাতে মিষ্টি তুলে দিয়ে পারস্পরিক বন্ধুত্বের বার্তা দেন বিএসএফ আধিকারিকরা। এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে দূরদূরান্ত থেকে বহু সাধারণ মানুষ সীমান্তে ভিড় জমান। উৎসবের আমেজ বজায় রাখতে ও ভিড় নিয়ন্ত্রণে সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত জোরদার। রাজনৈতিক টানাপোড়েনের বাইরে দাঁড়িয়ে দুই দেশের মানুষের মধ্যে এই সৌহার্দ্য ও বন্ধুত্বের ছবি দীর্ঘদিনের সম্পর্ককে নতুন মাত্রা দিল।