দেশ স্বাধীন হলেও ১৯৪৭ সালের ১৫ অগস্ট কেন ওড়েনি মালদহে জাতীয় পতাকা!

১৯৪৭ সালের ১৫ অগস্ট যখন পুরো দেশ স্বাধীনতা উদযাপনে আনন্দে মেতে উঠেছিল, তখন চরম আতঙ্কে ও উৎকণ্ঠায় দিন কাটছিল মালদহবাসীর। দেশভাগের সময় সীমানা নির্ধারণে স্যার সিরিল র্যাডক্লিফের প্রাথমিক খসড়ায় মারাত্মক ভুলের কারণে মালদহ জেলাকে সাময়িকভাবে পূর্ব পাকিস্তানের অংশ হিসেবে গণ্য করা হয়েছিল। এর ফলে ১৯৪৭ সালের ১৫ থেকে ১৭ আগস্ট পর্যন্ত মালদহের তৎকালীন জেলা কালেক্টরেট ভবনে উড়েছিল পাকিস্তানের পতাকা। চরম অনিশ্চয়তা ও আশঙ্কার মধ্যে বহু মানুষ ঘরছাড়া হয়েছিলেন, আর কেউ কেউ জীবন বাঁচাতে লুকিয়ে দিন কাটিয়েছিলেন।
এই ঐতিহাসিক ভুলের তীব্র প্রতিবাদে ফুঁসে উঠেছিলেন মালদহের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্বাধীনতা সংগ্রামীরা। তাঁরা তৎকালীন প্রশাসনের বিরুদ্ধে তীব্র আন্দোলন ও আইনি লড়াই শুরু করেন। অবশেষে ১৭ আগস্ট রাতে সংশোধিত ‘র্যাডক্লিফ লাইন’ প্রকাশিত হলে মালদহের ভারতীয় ভূখণ্ডে অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত হয়। ১৭ আগস্ট মধ্যরাতের পর মালদহ আনুষ্ঠানিকভাবে ভারতের অংশ হিসেবে স্বীকৃতি পায় এবং ১৮ আগস্ট প্রথমবার মালদহ কালেক্টরেট ভবনে স্বগর্বে ওড়ানো হয় ভারতের জাতীয় পতাকা।