ঘুষের বিনিময়ে সরকারি সুবিধা! রেলের মেগা দুর্নীতি চক্রের পর্দাফাঁস করল সিবিআই, জালে ৬ আধিকারিক

ঠিকাদারদের বিল পাস ও অন্যায্য সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে বিশাল অঙ্কের কাটমানি নেওয়ার অভিযোগে রাজস্থান এবং ছত্তীসগঢ়ে একযোগে বড়সড় অভিযান চালাল সিবিআই। তিনটি পৃথক ঘুষকাণ্ডের মামলায় উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব-মধ্য রেলের মোট ৬ জন আধিকারিক এবং তাঁদের সহযোগীদের গ্রেফতার করা হয়েছে। তদন্তের চলাকালীন ভিলইয়ের এক শীর্ষ অফিসারের বাসভবন ও দফতরে তল্লাশি চালিয়ে নগদ ৭৭ লক্ষ টাকা এবং ১৪ লক্ষ টাকার সোনার গয়নাসহ প্রচুর গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছেন সিবিআই গোয়েন্দারা। গোপন সূত্রে খবর পেয়ে ফাঁদ পেতে আধিকারিকদের হাতেনাতে ধরা হয় এবং এই দুর্নীতির তদন্তে কলকাতাও সিবিআইয়ের রাডারে এসেছে।
তদন্তকারী সূত্রে জানা গেছে, নভি মুম্বই এবং কলকাতার কয়েকটি বেসরকারি সংস্থাকে অন্যায্য সুবিধা দিতে গিয়ে জয়পুর, বিকানের ও ভিলই এলাকায় সরকারি ক্ষমতার ব্যাপক অপব্যবহার করা হয়েছিল। বিকানের ডিভিশনে বিল পাসের ঘুষের কারবারে একটি কলকাতার সংস্থার নাম জড়িয়ে পড়ে এবং সেখান থেকেও এক কর্মীকে গ্রেফতার করা হয়। অন্যদিকে, ৫০ হাজার টাকার উৎকোচ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও হন ভিলইয়ের ‘সিনিয়র ডিএমই’ পদমর্যাদার এক আধিকারিক। ধৃতদের আদালতে তোলা হলে বিচারক তাঁদের ৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন। দুর্নীতি চক্রের শিকড় কতদূর বিস্তৃত, তা বের করতে তিনটি মামলাতেই ম্যারাথন তল্লাশি চালাচ্ছে সিবিআই।