রাজ্যপালের দিকে পিছন ফেরাই কাল! চার বছর ধরে রেড রোডের কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশ!

রাজ্যপালের দিকে পিছন ফেরাই কাল! চার বছর ধরে রেড রোডের কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশ!

প্রাক্তন রাজ্যপালের দিকে হঠাৎ পিছন ফিরে দাঁড়ানোর চরম খেসারত দিতে হচ্ছে দীর্ঘ চার বছর ধরে। ২০২২ সালের ২৬ জানুয়ারি রেড রোডের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে কলকাতা পুলিশের ঘোড়া ‘আইকনিক’ দলছুট হয়ে তৎকালীন রাজ্যপালের মঞ্চের দিকে পিছন ফিরে দাঁড়িয়েছিল। মূল রাস্তার পাশে থাকা জায়ান্ট স্ক্রিনে নিজের চলমান প্রতিচ্ছবি দেখে বিভ্রান্ত হয়েই এই কাণ্ড ঘটিয়েছিল ওই ঘোড়াটি। যদিও কয়েক সেকেন্ডের মধ্যে তাকে লাইনে ফিরিয়ে আনা হয়, তবুও তারপর থেকেই রেড রোডের কোনো কুচকাওয়াজেই আর অংশ নিতে পারেনি কলকাতা পুলিশের এই ঐতিহ্যবাহী মাউন্টেড পুলিশের ঘোড়াবাহিনী।

জাতীয় স্তরের বহু প্রতিযোগিতায় একাধিক পুরস্কার জয়ী এই ঘোড়াগুলিকে আগামী সাধারণতন্ত্র দিবসের প্যারেডে ফেরানোর ব‌্যাপারে আশাবাদী পুলিশ আধিকারিকরা। কুচকাওয়াজের মহড়ার সময় কোনো সমস‌্যা না হলেও মূল প্যারেডের দিন জায়ান্ট স্ক্রিনের লাইভ সম্প্রচার ঘিরেই এই জটিলতা তৈরি হয়। তাই অভিবাদন পর্ব চলাকালীন কিছুক্ষণের জন‌্য জায়ান্ট স্ক্রিনে সম্প্রচার বন্ধ রাখা যায় কি না, সেই বিকল্প ব‌্যবস্থা নিয়েও এখন ভাবনাচিন্তা শুরু করেছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *