একটির পরেই সাগরে নতুন নিম্নচাপ! শ্রাবণের শেষে অতি ভারী বৃষ্টির চরম সতর্কতা বাংলায়

দক্ষিণবঙ্গে দুর্যোগের মেঘ কাটতে না কাটতেই ঘনিয়ে আসছে নতুন বিপর্যয়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবারের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে আরও একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে শ্রাবণের শেষলগ্নে এসেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে রাজ্যের একাধিক জেলা। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে বৃষ্টিপাত অব্যাহত থাকার পাশাপাশি রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করতে পারে সোমবারে। সেদিন পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে চরম ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এছাড়া উপকূলের জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বাকি জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাতাসের গতিবেগ থাকার কথা বলা হয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমলেও সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতেই থাকবে।