অশান্ত বিশ্বে শান্তির বার্তা! গান্ধী জয়ন্তীতেই মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ

বিশ্বজুড়ে চলমান যুদ্ধ ও অশান্তির আবহে শান্তির বার্তা পৌঁছে দিতে বড় সিদ্ধান্ত নিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। প্রতিবেদন অনুযায়ী, আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়াতে অনুষ্ঠিত হতে চলা ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে পারে আগামী ২ অক্টোবর, অর্থাৎ গান্ধী জয়ন্তীতে। আগে ৪ অক্টোবর টুর্নামেন্ট শুরুর পরিকল্পনা থাকলেও, দক্ষিণ আফ্রিকায় মহাত্মা গান্ধীর দীর্ঘ ২১ বছরের ইতিহাসের কথা মাথায় রেখে এই দিন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এর মাধ্যমে অশান্ত পৃথিবীকে অহিংসা ও শান্তির বার্তা দিতে চায় ক্রিকেট নিয়ামক সংস্থা।
আগামী বছরের এই মেগা টুর্নামেন্টে মোট ৫৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার সিংহভাগ ম্যাচই হবে দক্ষিণ আফ্রিকায়। টুর্নামেন্টের মূল থিম রাখা হয়েছে ‘তিন জাতি, এক হৃদস্পন্দন’ বা ‘উবুন্তু’। এছাড়া ২০২৩ সালের আসরের তুলনায় এবারের ফরম্যাটে বড় পরিবর্তন আনা হয়েছে, যেখানে যোগ্যতা অর্জন পর্বের পর সুপার টুয়েলভ, সুপার সেভেন, সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচগুলি আয়োজিত হবে। সবমিলিয়ে ক্রিকেটপ্রেমীদের জন্য আসন্ন বিশ্বকাপটি এক নতুন রোমাঞ্চ ও মানবতার বার্তা নিয়ে হাজির হতে চলেছে।