অসাধারণ রাষ্ট্রনেতা অটল বিহারী বাজপেয়ী! প্রয়াণ দিবসে তাঁকে নিয়ে বড় বার্তা মোদী-শাহের

প্রাক্তন প্রধানমন্ত্রী ও ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে তাঁকে গভীর শ্রদ্ধায় স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে একজন ‘অসাধারণ রাষ্ট্রনেতা’ হিসেবে অভিহিত করে জানান, যাঁর দূরদৃষ্টি, নেতৃত্ব এবং সুশাসনের নীতি সর্বদা দেশবাসীকে অনুপ্রাণিত করবে। অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরমাণু পরীক্ষা ও কার্গিল যুদ্ধের মাধ্যমে ভারতের শক্তির পরিচয় তুলে ধরার পাশাপাশি তাঁর আদর্শ-ভিত্তিক রাজনীতির কথা বিশেষভাবে স্মরণ করেন।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অটলজির অবদানের কথা উল্লেখ করে জানান যে, তিনি সবসময় ‘সবার আগে দেশ’ নীতিকে সর্বোচ্চ প্রাধিকার দিয়ে ভারতীয় গণতন্ত্রকে সমৃদ্ধ করেছেন। তিনবারের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তাঁর সুশাসন ও জনকল্যাণমূলক কাজের মাধ্যমে জাতীয় উন্নয়নে অনন্য নজির স্থাপন করেছিলেন। ২০১৫ সালে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘ভারতরত্ন’ প্রাপ্ত এই মহান নেতার প্রয়াণ দিবসে তাঁর দূরদর্শী রাজনৈতিক চিন্তন ও দেশপ্রেমের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে গোটা দেশ।