হাসিনাকে না ফেরালে দিল্লি যাবেন না তারেক! ভারত সফরে ঢাকার চরম জোড়া শর্ত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে চরম টানাপোড়েন শুরু হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমান চীন সফর করলেও, ভারত সফরে যাওয়ার বিষয়ে এখনো অনিচ্ছা প্রকাশ করেছেন। ঢাকা স্পষ্ট জানিয়ে দিয়েছে, নয়াদিল্লিতে রাজনৈতিক আশ্রয়ে থাকা শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ওসমান হাদী হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার ওপরই নির্ভর করছে তারেকের আসন্ন সফর। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এ কে এম শহীদুল করিম জানিয়েছেন, ভারত সফরের জন্য উপযুক্ত পরিবেশ প্রয়োজন এবং সে দেশের সরকার আগে এসব শর্ত পূরণের বিষয়ে ভারতের ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে মৃত্যুদণ্ডের নির্দেশ থাকলেও তিনি ডিসেম্বরেই নিজের দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। ভারত সরকার জানিয়েছে, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তাদের আদালত। তবে বাংলাদেশ সরকারের তরফ থেকে সাফ বার্তা দেওয়া হয়েছে—যতক্ষণ না শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দেওয়া নিয়ে ভারত সরকার কোনো স্পষ্ট ও ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে, ততক্ষণ তারেক রহমানের ভারত সফরের কোনো জল্পনাই সত্যি হচ্ছে না। বর্তমানে দুই দেশের কূটনৈতিক স্তরে এই প্রত্যর্পণ ও পারস্পরিক শর্ত নিয়ে জোর আলোচনা চলছে।