দুবাই কি ভারতের অংশ হতে পারত? দেশভাগের গোপন সত্যি সামনে আসতেই শোরগোল!

স্বাধীনতা দিবসের আবহে ১৯৪৭ সালের দেশভাগ সংক্রান্ত এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছেন ইতিহাসবিদ স্যাম ডালরিম্পল। তাঁর ‘শ্যাটার্ড ল্যান্ডস’ বইয়ের সূত্র ধরে জানা গেছে, পারস্য উপসাগরীয় অঞ্চলের দুবাই সহ বেশ কিছু দেশ একসময় ব্রিটিশ ভারতের অধীনে দিল্লি থেকেই পরিচালিত হত। এমনকি ১৮৮৯ সালের আইন অনুযায়ী এই অঞ্চলগুলি ভারতের অংশ হিসেবেই গণ্য হত এবং আবুধাবিকে ‘প্রিন্সলি স্টেট’ বা দেশীয় রাজ্য হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। সেখানে ভারতীয় সৈন্য মোতায়েন থাকার পাশাপাশি বাসিন্দাদের দেওয়া হত ‘ইন্ডিয়ান এম্পায়ার পাসপোর্ট’।
১৯৪৭ সালে ব্রিটিশরা ভারত ছাড়ার সময় নবগঠিত ভারত সরকারকে দুবাই সহ উপসাগরীয় অঞ্চলগুলির দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছিল। তবে তৎকালীন দিল্লির আধিকারিকরা এই প্রস্তাবে বিশেষ আগ্রহ না দেওয়ায় দেশভাগের আগেই ১ এপ্রিল দুবাইকে আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ ভারত থেকে আলাদা করা হয়। পরবর্তী সময়ে ভারত শতাধিক দেশীয় রাজ্যকে যুক্ত করলেও আরব দেশগুলি আর এর অংশ হয়নি। তৎকালীন সময়ে এই কূটনৈতিক সিদ্ধান্ত অন্যরকম হলে আজকের ভূ-রাজনৈতিক মানচিত্র এবং ভারতের জ্বালানি সংকট পুরোপুরি ভিন্ন হতে পারত।