রাজনীতির মোড়কে জেঠুকে হারিয়ে চিরতরে রাজনীতি ছাড়ার বিস্ফোরক সিদ্ধান্ত ভাইপোর!

১৫ আগস্ট সারাদিন দলীয় কর্মসূচি ও পতাকোত্তোলন সেরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস ব্যানার্জি। রাতে পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিক কথাবার্তা হলেও, পরদিনই তাঁর এমন আকস্মিক পরিণতি মেনে নিতে পারছেন না কেউ। এমনকি রাত পৌনে বারোটা পর্যন্ত যাঁর সঙ্গে গল্প করেছেন, সেই ভাইও সামান্য আঁচ পাননি তাঁর ভেতরের কোনো কষ্টের। হাসিমুখের আড়ালে জমে থাকা নীরব অভিমান কাউকে বুঝতে না দিয়ে এভাবে চলে যাওয়া শোকের সাগরে ভাসিয়েছে গোটা পরিবারকে।
অন্যদিকে, জেঠুর মর্মান্তিক বিয়োগে কান্নায় ভেঙে পড়ে রাজনীতি চিরতরে ত্যাগ করার কথা ঘোষণা করেছেন ভাইপো। জেঠুর স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরে তিনি স্পষ্ট জানান, ছাত্রজীবন থেকে রাজনীতি করা আশিস ব্যানার্জির বিরুদ্ধে বিরোধীরাও কখনো দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি। স্বজন হারানোর যন্ত্রণায় কাতর পরিবার আর রাজনীতির আঙুল তুলতে দিতে রাজি নয় তাঁদের প্রিয় মানুষটিকে নিয়ে। মৃত্যুর আগে লেখা চিঠিতেও প্রাক্তন মন্ত্রী নিজের সততা, নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে না পারার যন্ত্রণার কথা ব্যক্ত করে গেছেন।