মার্কিন সেনা খতম করলেই ৩০ হাজার ডলার পুরস্কার! ইরানের সেনাপ্রধানের চাঞ্চল্যকর ঘোষণা

মার্কিন সেনা খতম করলেই ৩০ হাজার ডলার পুরস্কার! ইরানের সেনাপ্রধানের চাঞ্চল্যকর ঘোষণা

আমেরিকান সেনাকে হত্যা কিংবা জীবিত বন্দি করে ইরানের সশস্ত্র বাহিনীর হাতে তুলে দিতে পারলে ৩০ হাজার ডলার (প্রায় ৫০০ কোটি ইরানি রিয়াল) পুরস্কার দেওয়া হবে। আর এই কাজ যদি কোনো নারী সম্পন্ন করেন, তবে তাঁর পুরস্কারের অঙ্ক দ্বিগুণ হয়ে দাঁড়িয়ে যাবে ৬০ হাজার ডলারে। রবিবার ঠিক এই শব্দেই মার্কিন বাহিনীর বিরুদ্ধে চাঞ্চল্যকর ইনাম ঘোষণা করেছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি।

ইরানের সরকারি সংবাদ সংস্থা ‘আইআরএনএ’-র বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দেশটির সাধারণ মানুষ মার্কিন সামরিক উপস্থিতির ওপর প্রচণ্ড ক্ষুব্ধ। সাধারণ জনগণের দাবির মুখেই এই ধরনের বিশেষ প্রচার ও অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সেনাপ্রধান আমির হাতামি শুধু নগদ অর্থ দিয়েই ক্ষান্ত হননি; তিনি আরও জানিয়েছেন, মার্কিন সেনাকে আক্রমণ করার কাজে যে অস্ত্রটি ব্যবহার করা হবে, তার তৎকালীন বাজারদরের দ্বিগুণ অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে। একই সঙ্গে হামলাকারীকে উপহার হিসেবে একটি সম্পূর্ণ নতুন অস্ত্র প্রদান করা হবে এবং ব্যবহৃত পুরানো অস্ত্রটি সামরিক জাদুঘরে যুদ্ধের স্মারক হিসেবে সংরক্ষণ করা হবে।

ইরানি সেনাপ্রধানের মতে, মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক শক্তি অত্যন্ত ভঙ্গুর। পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর অবস্থানের কোনো আইনগত বা নৈতিক অধিকার নেই এবং তাদের অবিলম্বে এই অঞ্চল ছেড়ে চলে যেতে হবে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে সম্প্রতি উত্তেজনা বৃদ্ধি পেলেও ইরান ভূখণ্ডে কোনো বড় ধরনের মার্কিন স্থল সেনার উপস্থিতি ঘটেনি। তা সত্ত্বেও ইরানি সেনাপ্রধানের সরাসরি আমেরিকান বাহিনীকে লক্ষ্য করে এমন পুরস্কারের ঘোষণা ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সামরিক বিশ্লেষকেরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *