ঢাকার পাক দূতাবাসের মদদে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

কোচবিহারের দিনহাটায় ভারতীয় সিমকার্ড পাকিস্তানে পাচারের চাঞ্চল্যকর ঘটনায় উঠে এল ঢাকার পাকিস্তানি দূতাবাসের সরাসরি যোগসূত্র। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফের জালে ধরা পড়েছে তিন আইএসআই চর—মোহাম্মদ শফিকুল ইসলাম, নুর নাসিরুদ্দিন আলি এবং রশিদুল হক। ধৃতদের জেরা করে গোয়েন্দারা জানতে পেরেছেন, ঢাকার পাকিস্তানি দূতাবাসের কয়েকজন কর্মকর্তার নির্দেশেই এই পাচার চক্র পরিচালিত হচ্ছিল। বাংলাদেশের রংপুরের আকবর হোসেন ও ঢাকার ওমর এই চক্রের মূল চালিকাশক্তি, যারা নেপালের লিঙ্কম্যানের মাধ্যমে গত কয়েক মাসে অন্তত বারোটি ভারতীয় সিমকার্ড ইসলামাবাদে পাঠিয়েছে।
তদন্তে আরও জানা গেছে, সিম পাচারের পাশাপাশি এই চক্রটি জাল নোটের কারবারেও যুক্ত ছিল। সীমান্ত এলাকায় লক্ষাধিক টাকার জাল নোট ছড়ানোর নেপথ্যেও রয়েছে আকবর ও ওমরের হাত। এই কাজের জন্য ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আড়াই লাখ টাকা লেনদেন হয়েছিল, যা প্রদীপ্ত বসু ও মিঠু বর্মনের হাত ঘুরে চরদের কাছে পৌঁছায়। এই বিপুল পরিমাণ অর্থ টেরর ফাণ্ডিংয়ের জন্য ব্যবহার করা হচ্ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পলাতক অন্যান্য সহযোগীদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে।