বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ! আজ কোন কোন জেলায় জারি ভারী ও অতিভারী বৃষ্টির সতর্কতা?

স্বাধীনতা দিবসের রেশ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে ফের ঘনীভূত হতে চলেছে নতুন নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর সক্রিয় ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই নিম্নচাপ তৈরি হতে পারে। এর জেরে রাজ্যজুড়ে বৃষ্টির দাপট আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ রবিবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়ার অবনতি ঘটবে এবং ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে এক-দু’টি জায়গায় ১২ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির জন্য হলুদ অ্যালার্ট দেওয়া হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।