মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ঠাকুরবাড়িতে শুভেন্দু অধিকারী! কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে মধ্যাহ্নভোজ ও বৈঠক ঘিরে তুঙ্গে চর্চা

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ঠাকুরবাড়িতে শুভেন্দু অধিকারী! কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে মধ্যাহ্নভোজ ও বৈঠক ঘিরে তুঙ্গে চর্চা

মতুয়াদের ঐতিহ্যবাহী পীঠস্থান বনগাঁর ঠাকুরনগরে অনুষ্ঠিত হতে চলেছে দ্বিতীয় বর্ষের আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলন। এই বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে রবিবার ঠাকুরবাড়িতে উপস্থিত হচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা থাকাকালীন তিনি একাধিকবার এখানে এলেও, মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার পর এই প্রথম তাঁর ঠাকুরনগর সফর। ফলে এই সফরকে ঘিরে মতুয়া মহাসংঘ ও স্থানীয় ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা দেখা দিয়েছে। কলকাতা থেকে হেলিকপ্টারে চাঁদপাড়ায় পৌঁছে সেখান থেকে সড়কপথে তিনি ঠাকুরবাড়িতে আসবেন। নাটমন্দিরে আয়োজিত গোঁসাই সম্মেলনে তাঁর মূল বক্তব্য রাখার কথা রয়েছে।

মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সমগ্র ঠাকুরনগর এলাকা জুড়ে কড়া প্রশাসনিক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর স্বয়ং সভাস্থলের সামগ্রিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। নির্ধারিত সূচি অনুযায়ী, ঠাকুরবাড়ির মন্দিরে পুজো দেওয়ার পর মুখ্যমন্ত্রী আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন। অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার পাশাপাশি মতুয়া মহাসংঘের প্রতিনিধিদের সঙ্গে এক বিশেষ বৈঠকেও তিনি উপস্থিত থাকবেন। সিএএ সহ মতুয়া সম্প্রদায়ের একাধিক অমীমাংসিত বিষয় নিয়ে এই সফর থেকে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, এখন সেদিকেই তাকিয়ে রাজ্য রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *