অন্নপূর্ণার ৩ হাজার টাকা আজ কার অ্যাকাউন্টে? আপনার নাম আছে তো!
আজ, ১৭ অগাস্ট থেকে অন্নপূর্ণা যোজনার চলতি মাসের ৩,০০০ টাকা যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু হচ্ছে। তবে প্রথম দিনেই সবাই এই টাকা পাবেন না, বরং পর্যায়ক্রমে তা পাঠানো হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করেছেন যে, গত ১০ জুলাইয়ের মধ্যে যাঁরা আবেদন করেছিলেন এবং যাঁদের তথ্যের যাচাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তাঁদের অ্যাকাউন্তেই আজ টাকা পৌঁছাবে। তবে ১০ জুলাইয়ের পর জমা পড়া আবেদনগুলির ভেরিফিকেশন এখনও বাকি থাকায় সেই আবেদনকারীদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে। এছাড়া, আগামী দিনগুলিতে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহেই এই অনুদানের টাকা সরাসরি প্রাপকদের কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
অবশ্য সকলেই এই প্রকল্পের সুবিধার আওতাভুক্ত হবেন না; সরকারি নীতি অনুযায়ী নির্দিষ্ট কিছু শর্ত প্রযোজ্য থাকবে। যেসব মহিলার মাসিক আয় ১০ হাজার টাকার বেশি কিংবা যাঁদের পরিবার আয়কর দেয়, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। পাশাপাশি সরকারি বা সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মী, পঞ্চায়েত ও পৌরসভার প্রতিনিধি এবং সরকারি পেনশনভোগীরা অন্নপূর্ণা যোজনার আবেদন থেকে সম্পূর্ণ বঞ্চিত থাকবেন। বর্তমানে যে সমস্ত আবেদনকারীর নথিপত্র যাচাইয়ের কাজ বকেয়া রয়েছে, তা দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছে প্রশাসন। তাই আজ অ্যাকাউন্টে টাকা না পৌঁছালেও উদ্বিগ্ন না হয়ে অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ যোগ্যতাভিত্তিক বাকি প্রাপকদের অ্যাকাউন্তেও শীঘ্রই অর্থ স্থানান্তরিত করা হবে।