বয়স ৩০ পেরোলেই কি মাতৃত্ব নিয়ে দুশ্চিন্তা! এগ নাকি এমব্রায়ো ফ্রিজিং, কোনটা আপনার জন্য সেরা?

বয়স ত্রিশ পেরোলেই আধুনিক নারীদের মনে ক্যারিয়ার ও মাতৃত্ব নিয়ে দ্বান্দ্বিক পরিস্থিতি তৈরি হয়। তবে বিজ্ঞানের আশীর্বাদে এখন বয়সের সীমা পেরিয়ে মা হওয়ার সুযোগ রয়েছে। অবিবাহিত নারীরা ভবিষ্যতের কথা ভেবে ‘এগ ফ্রিজিং’ বা ডিম্বাণু সংরক্ষণ করতে পারেন। এর মাধ্যমে লিকুইড নাইট্রোজেনে ডিম্বাণু সুরক্ষিত রেখে নিজের শর্তে মাতৃত্বকে পিছিয়ে দেওয়া সম্ভব। ভারতে এর একটি সাইকেলের খরচ ১ থেকে ১.৮ লাখ টাকা এবং বার্ষিক স্টোরেজ খরচ ১৫ থেকে ৩০ হাজার টাকা। তবে ভবিষ্যতে আইভিএফ প্রক্রিয়ার জন্য শুক্রাণুর প্রয়োজন হয় এবং এর সাফল্যের হার প্রতি ডিম্বাণুতে প্রায় ৪ থেকে ১২ শতাংশ।
অন্যদিকে বিবাহিত দম্পতিদের জন্য ‘এমব্রায়ো ফ্রিজিং’ বা ভ্রূণ সংরক্ষণ অধিকতর কার্যকর। ল্যাবরেটরিতে ডিম্বাণু ও শুক্রাণুর মিলনে তৈরি এই ভ্রূণ সংরক্ষণের ফলে সাফল্যের হার ৪০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত হয়ে থাকে। এর খরচ ১.৫ থেকে ২.৫ লাখ টাকা পর্যন্ত হতে পারে। চিকিৎসকদের মতে, ৩৫ বছরের আগে এই প্রক্রিয়া সম্পন্ন করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। যেকোনো একটি পদ্ধতি বেছে নেওয়ার আগে অবশ্যই ফার্টিলিটি বিশেষজ্ঞের পরামর্শ ও এএমএইচ পরীক্ষা করিয়ে নেওয়া জরুরি।