পার্ক স্ট্রিটের হোম থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ৩ মহিলা! অপহরণ নাকি সুপরিকল্পিত পালানোর ছক?

পার্ক স্ট্রিটের একটি হোম থেকে তিন মহিলার রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার প্রায় তিন সপ্তাহ দেরিতে হোম কর্তৃপক্ষের তরফে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ জানানো হয়। হোমের দাবি, ওই তিন মহিলাকে অপহরণ করা হয়েছে। নিখোঁজ তিনজনের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক ৩১ বছরের রুনা বেগম, ৩৯ বছরের মূক ও বধির সুচিত্রা এবং বিহারের ভোজপুরের ১৯ বছরের তরুণী মনীশা কুমারী। কড়েয়ার একটি হোম থেকে বাংলাদেশি নাবালিকা পালানোর ঘটনার পর, এই কাণ্ডেও নড়েচড়ে বসেছে লালবাজার।
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পেরেছে, রাতের অন্ধকারে হোমের তালা খুলে মুখ ঢেকে পালিয়ে যান তাঁরা। রাত দুটো থেকে আড়াইটের মধ্যে এই ঘটনা ঘটে। হোম কর্তৃপক্ষের আশঙ্কা, তাঁদের অসহায়তার সুযোগ নিয়ে কেউ অপহরণ করেছে। তবে বাংলাদেশি যুবতী চোরাপথে নিজ দেশে ফিরে গিয়েছেন কি না, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। ঘটনার সঠিক কারণ এবং হোমের ভূমিকা খতিয়ে দেখতে জোরকদমে তদন্ত শুরু করেছে পুলিশ।