অন্নপূর্ণা যোজনায় বড় ধাক্কা! প্রথম দফায় বাদ ১৭ লক্ষের নাম, কীভাবে পাবেন টাকা?

রাজ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘অন্নপূর্ণা যোজনা’র আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া। সোমবার নবান্নে এক যৌথ সাংবাদিক বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী ঘোষণা করেন যে, আগামী ১৭ থেকে ২০ অগস্টের মধ্যে প্রথম দফার ১ কোটি ৪৫ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ৪ হাজার ৩৫০ কোটি টাকা পাঠানো হবে। তবে প্রথম দফাতেই বড় ধাক্কা খেয়েছেন বহু আবেদনকারী। সঠিক নথিপত্রের অভাব এবং আধার কার্ড যুক্ত না থাকায় প্রাথমিক পর্যায়ে প্রায় ১৭ লক্ষ আবেদন খারিজ হয়ে গেছে।
নবান্ন সূত্রে জানা গেছে, বাতিল হওয়া ১৭ লক্ষ উপভোক্তার মধ্যে প্রায় ১০ লক্ষের ক্ষেত্রেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা নেই। এছাড়া পরিবারের কেউ সরকারি চাকরি করা কিংবা আয়কর দেওয়ার তথ্য সামনে আসায় বেশ কিছু নাম বাদ পড়েছে। এই সমস্যা মেটাতে বিডিও-দের মাধ্যমে বিশেষ শিবিরের আয়োজন করা হচ্ছে। পাশাপাশি, আগামী ২০ অগস্ট থেকে সরকারি পোর্টালের ‘সোশ্যাল রেজিস্টার’ অপশন ব্যবহার করে বাদ পড়া ব্যক্তিরা পুনরায় আবেদন বা অভিযোগ জানানোর সুযোগ পাবেন।