স্মার্টফোনের এক ক্লিকেই জঙ্গি দলে নাম লেখানোর মরণফাঁদ! বেঙ্গালুরুতে ধৃত বাংলার যুবকের ভয়ংকর চক্রান্ত ফাঁস

বেঙ্গালুরুতে জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে পুলিশ ও এনআইএ-র জালে ধরা পড়েছে আশরাফুল মল্লিক নামে এক যুবক। তদন্তে জানা গেছে, ধৃত যুবকের বাড়ি উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়। গোবরডাঙা হিন্দু কলেজের এই স্নাতক সরকারি চাকরির চেষ্টা করে ব্যর্থ হয়ে বেঙ্গালুরুতে এক বহুজাতিক সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ শুরু করে। সেখানেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তান ও আফগানিস্তানে অবস্থানকারী তেহরিক-ই-তালিবান (টিটিপি) জঙ্গি গোষ্ঠীর নেটওয়ার্কে জড়িয়ে পড়ে সে। শুধু তা-ই নয়, আফগান জঙ্গি নেতাদের নির্দেশে ভারতে বড়সড় হামলার ছক কষার পাশাপাশি বাদুড়িয়া ও আশপাশের অঞ্চলের বেকার যুবকদের টার্গেট করার পরিকল্পনাও ছিল তার।
সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে এরাজ্যের তরুণদের মগজধোলাই এবং নতুন জঙ্গি মডিউল তৈরির কাজে আশরাফুল নেমেছিল বলে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। একই সঙ্গে ওপার বাংলা থেকে আসা জঙ্গিদের জন্য এরাজ্য থেকে জাল নথি তৈরি এবং স্থানীয় পড়ুয়াদের মাধ্যমে ফান্ডের অর্থ লেনদেনের কাজ চালানো হতো। ধৃতের থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন ঘেঁটে ঘটনার বিস্তারিত তথ্য ও নেটওয়ার্কের শিকড়ে পৌঁছাতে এবার সরাসরি পশ্চিমবঙ্গে আসছে বেঙ্গালুরু পুলিশের বিশেষ তদন্তকারী দল। রাজ্যজুড়ে আর কাদের কাছে এই জঙ্গি মডিউলের বিষবাষ্প পৌঁছেছে, তা খতিয়ে দেখতে রাজ্য পুলিশের সঙ্গে যৌথভাবে তদন্ত শুরু করছে কেন্দ্রীয় সংস্থা।