জনগণনার জেরে পিছোতে পারে ২০২৭-এর মাধ্যমিক! পরীক্ষার্থীদের জন্য বড়সড় সিদ্ধান্ত পর্ষদের?

দেশজুড়ে শুরু হতে চলা জনগণনার জেরে ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সময়সূচিতে বড় পরিবর্তনের প্রস্তাব দিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। আগামী বছরের ২৫ জানুয়ারি থেকে সেনসাসের দ্বিতীয় দফা শুরু হওয়ার কথা রয়েছে। এই বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের কাজে রাজ্যের বিপুল সংখ্যক শিক্ষক ও প্রশাসনিক কর্মীরা ব্যস্ত থাকবেন। ফলে নির্ধারিত সময়ে পরীক্ষা পরিচালনা করা লজিস্টিক দিক থেকে কঠিন হওয়ায়, পর্ষদের পক্ষ থেকে পরীক্ষা মার্চ মাসে স্থানান্তরিত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
পর্ষদের সভাপতি ডঃ লালু দাস স্কুল শিক্ষার কমিশনারের কাছে পাঠানো এক অফিসিয়াল চিঠিতে এই রুটিন পরিবর্তনের কথা জানিয়েছেন। প্রস্তাব অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারির পরিবর্তে ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে পারে ২ মার্চ থেকে। উচ্চ মাধ্যমিক সেমেস্টার পরীক্ষার সঙ্গে যাতে কোনো সংঘাত না ঘটে এবং পরীক্ষার্থীদের কোনো অসুবিধা না হয়, সেকথা মাথায় রেখেই নতুন এই সূচি সাজানোর প্রস্তাব করা হয়েছে।