‘এক বছর পর পরীক্ষায় বসব, জনগণ নম্বর দেবে’: পুরুলিয়ায় মেগা জলপ্রকল্পের উদ্বোধনে বড় বার্তা শুভেন্দুর

‘এক বছর পর পরীক্ষায় বসব, জনগণ নম্বর দেবে’: পুরুলিয়ায় মেগা জলপ্রকল্পের উদ্বোধনে বড় বার্তা শুভেন্দুর

পুরুলিয়া জেলার ৯টি ব্লকে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (JICA)-র সহায়তায় ১১৭৩ কোটি টাকা ব্যয়ে একটি মেগা পানীয় জল প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। সোমবার পুরুলিয়ার মানবাজারে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে এই মেগা প্রকল্পের শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এই প্রকল্পের বাস্তবায়নের ফলে মানবাজার ১, পুঞ্চা, পুরুলিয়া ১, আড়শা, বরাবাজার এবং পুরুলিয়া পুরসভা এলাকার প্রায় ৮৭,২৭১টি পরিবার প্রতিদিন জনপ্রতি ৭০ লিটার করে বিশুদ্ধ পানীয় জল পাবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, স্বাধীনতার ৮০ বছর পরেও এখানকার বাসিন্দাদের পানীয় জলের সমস্যা দূর না হওয়া অত্যন্ত দুঃখজনক। বিগত সরকারের আমলে ‘জল জীবন মিশন’-এর আওতায় কেন্দ্রের পাঠানো টাকায় ব্যাপক দুর্নীতি হয়েছিল বলেই মানুষ জল থেকে বঞ্চিত হয়েছিল বলে তিনি দাবি করেন।

একই সাথে নিজের কাজের মূল্যায়নের প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগামী বছর ৯ মে তাঁর সরকারের এক বছর পূর্ণ হলে তিনি জনগণের আদালতে নিজের কাজের পরীক্ষা দেবেন। তিনি মন্তব্য করেন, জনগণ যদি নম্বর দিয়ে মূল্যায়নে তাঁকে ১০-এর মধ্যে অন্তত ৯ না দেন, তবে তিনি ক্ষমা স্বীকার করে নেবেন।

এছাড়াও, পুরুলিয়ার সার্বিক উন্নয়নের স্বার্থে এয়ারপোর্ট তৈরি, কুড়মালি ভাষাকে অষ্টম তফশিলে অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি, কুড়মি বোর্ডের জন্য ৫০ কোটি টাকার অনুদান এবং আদিবাসী ইউনিভার্সিটি ও একলব্য বিদ্যালয় প্রতিষ্ঠার কথা জানান তিনি। পাশাপাশি, রঘুনাথপুরে অমিত মেটালিকস সংস্থার লৌহ-ইস্পাত কারখানার উদ্বোধনে যোগ দিয়ে জঙ্গলমহলের অদক্ষ কর্মীদের কর্মসংস্থানের আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *