কৃষকদের জন্য রাজ্য সরকারের মাস্টারস্ট্রোক! মুখ্যমন্ত্রী বিজয়ের এক ঘোষণাতেই মুকুব বিরাট অঙ্কের ঋণ

তামিলনাড়ুর কৃষকদের স্বার্থে এক ঐতিহাসিক পদক্ষেপের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী থলপতি বিজয়। সোমবার রাজ্যের বিধানসভায় বক্তব্য রাখার সময় তিনি জানান, গত মে মাসে ক্ষমতায় আসার মাত্র ১৫ দিনের মাথায় ৫০ হাজার টাকা পর্যন্ত যে ঋণ মুকুবের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এবার সেই ঋণের পরিধি আরও বাড়ানো হচ্ছে। রাজ্যের আর্থিক সংকট এবং সমবায় ব্যাংক সংক্রান্ত রিজার্ভ ব্যাংকের একাধিক নির্দেশিকা থাকা সত্ত্বেও, কৃষিকাজ ও কৃষকদের কথা মাথায় রেখে ৯৫৩.০৬ কোটি টাকার অতিরিক্ত সহায়তার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের মতে, কৃষকরাই রাজ্যের মূল মেরুদণ্ড এবং দেশের সামগ্রিক সমৃদ্ধি তাঁদের ওপরই নির্ভর করে।
নয়া নির্দেশিকা অনুযায়ী, ৭৫ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সম্পূর্ণ মুকুব করার পাশাপাশি ৭৫ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে মিলবে ৭৫ হাজার টাকার ছাড়। অন্যদিকে, যেসব কৃষক ১ লক্ষ টাকার বেশি ঋণ নিয়েছিলেন, তাঁরা সর্বোচ্চ ৩৫ হাজার টাকা পর্যন্ত মকুবের সুবিধা পাবেন। কৃষক সংগঠনগুলির সাথে সাম্প্রতিক বৈঠকের ভিত্তিতে নেওয়া এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে অতিরিক্ত ১.৩৮ লক্ষ কৃষক যেমন সরাসরি লাভবান হবেন, তেমনই রাজ্যের মোট ১৪.৪৪ লক্ষের বেশি কৃষকের প্রায় ৬,২২০ কোটি টাকার ঋণ মুকুব নিশ্চিত করা সম্ভব হবে।