ট্রাম্পের মুখে ভারতের ভোটার আইডি! জ্ঞানেশ কুমারকে নিয়ে কী বললেন মার্কিন প্রেসিডেন্ট?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের নির্বাচনী ব্যবস্থা এবং ছবিসহ পরিচয়পত্র ব্যবহারের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। আমেরিকার জন্য এটিকে একটি অনন্য অনুসরণযোগ্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে তিনি মার্কিন কংগ্রেসে ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ আইন পাস করার জন্য তীব্র চাপ সৃষ্টি করেছেন। ট্রাম্প জানান, সম্প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মার্কিন প্রশাসনের সঙ্গে বৈঠকে এই ব্যবস্থাপনার কার্যকারিতা তুলে ধরেছিলেন। ভারতের বিশাল ভোটার সংখ্যা, ন্যূনতম ডাকযোগে ভোট এবং প্রতিটি ভোটারের জন্য বৈধ ছবিযুক্ত পরিচয়পত্রের বাধ্যতামূলক উপস্থিতি আমেরিকার জন্যও অনুসরণীয় হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।
এদিকে, ট্রাম্পের এই প্রস্তাবিত কঠোর আইন নিয়ে মার্কিন রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক ও মতভেদ দেখা দিয়েছে। সমর্থকদের মতে, নির্বাচনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে এই আইন অত্যন্ত জরুরি। অন্যদিকে, সমালোচকদের দাবি, কঠোর নথিপত্রের শর্ত থাকায় বহু সাধারণ নাগরিকের ভোটাধিকার হুমকিতে পড়তে পারে। কানসাসের মতো কিছু অঙ্গরাজ্যে এর নেতিবাচক প্রভাবও ইতিমধ্যে সামনে এসেছে, যা নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে।