জল লাল হতেই হাতেনাতে ধরা পড়লেন দারোগা! হাওড়ায় পুলিশ অফিসারের কীর্তি দেখে তাজ্জব সবাই

হাওড়ার ব্যাঁটরা থানায় বধূ নির্যাতনের (৪৯৮এ) মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার না করার বিনিময়ে ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন সাব-ইন্সপেক্টর সুব্রত সরকার। বিষয়টি অ্যান্টি করাপশন ব্যুরোকে (এসিবি) জানান অভিযোগকারী। অভিযোগের ভিত্তিতে এসিবি বিশেষ ফাঁদ পাতে। সোমবার ঘুষের টাকা নেওয়ার সময় আধিকারিকরা সুব্রত সরকারকে হাতেনাতে পাকড়াও করেন। নোটে রাসায়নিক মাখানো থাকায় জলতে হাত ডোবাতেই সুব্রতবাবুর হাত লাল হয়ে যায়। অভিযুক্ত সাব-ইন্সপেক্টরের কাছ থেকে ঘুষের পুরো টাকা উদ্ধার করার পর তাঁর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সরকারি দপ্তরে দুর্নীতির বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালানো এসিবির এই সাফল্য পুলিশ প্রশাসনের অসাধু কর্মীদের উদ্দেশ্যে বড় বার্তা দিয়েছে। এর আগেও ঝাড়গ্রামের এক সরকারি কর্মচারীকে ঘুষ নেওয়ার অপরাধে গ্রেপ্তার করেছিল এই বিশেষ শাখা। একই দিনে পাঁশকুড়া ব্লাড ব্যাংক থেকে বেআইনিভাবে রক্ত সংগ্রহ ও বিক্রির দায়ে শাহবুদ্দিন মল্লিক নামে এক চক্রীকেও গ্রেপ্তার করেছে এসিবি। এই অবৈধ রক্ত কারবারে ব্লাড ব্যাংকের কর্মীদের কোনো যোগসাজশ রয়েছে কি না, তা নিয়ে ইতিমধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা।