জমি বিক্রি করতে নারাজ স্ত্রী, গোপনাঙ্গে ইলেকট্রিক শক দিয়ে নৃশংস খুন!

উত্তরপ্রদেশের রামপুরে জমি বিক্রির দাবিতে এক গৃহবধূকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গেছে, স্ত্রী নাসরিন তাঁর পৈতৃক জমি বিক্রি করতে অস্বীকার করায় অভিযুক্ত স্বামী ইসরার তাঁকে ইলেকট্রিক শক দিয়ে হত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্টে মহিলার শরীরে এবং গোপনাঙ্গে একাধিক গভীর ক্ষতচিহ্ন পাওয়া গেছে, যা এই হত্যার ভয়াবহতা নিশ্চিত করে। ঘটনার পর অভিযুক্ত স্বামী ইসরারকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং জেরায় সে নিজের অপরাধের কথা স্বীকার করেছে।
পুলিশি জেরায় ধৃত ইসরার জানিয়েছে, পাঁচ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে নাসরিন জমি বিক্রির প্রস্তাবে বারবার বাধা দিচ্ছিলেন। প্রায় ১৩ বছর আগে তাদের বিয়ে হলেও, সম্প্রতি জমি নিয়ে বিবাদের জেরে নাসরিনকে শারীরিক নির্যাতন ও খুনের হুমকি দেওয়া হচ্ছিল বলে পরিবারের অভিযোগ। নাসরিনের কাকার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ ইসরার ও তার পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পৈশাচিক এই ঘটনায় শোক ও চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।