স্কুলের বেহাল দশা ঢাকতেই কি নিষেধাজ্ঞা? রাজস্থানের নয়া নির্দেশে সরগরম রাজনীতি!

রাজস্থানের সরকারি স্কুলগুলিতে বাইরের ব্যক্তিদের প্রবেশ, ছবি তোলা, ভিডিওগ্রাফি এবং সাক্ষাৎকার নেওয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পড়ুয়াদের সুরক্ষার কথা মাথায় রেখেই প্রধান শিক্ষকের লিখিত অনুমতি ছাড়া যে কোনো বহিরাগত বা সংবাদমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ করা হলো। সম্প্রতি ‘ককরোচ জনতা পার্টি’ (CJP) রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলের পরিকাঠামো ও শিক্ষার মান খতিয়ে দেখতে ‘স্কুল ঠিক করো’ অভিযানের ঘোষণা দেওয়ার পরেই রবিবার মাধ্যমিক শিক্ষা বিভাগ থেকে এই নির্দেশিকা প্রকাশ করা হয়।
রাজ্য সরকারের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে বিরোধী দল কংগ্রেস এবং সিজেপি। প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং ডোটাসরা অভিযোগ করেন, সরকারি স্কুলের জরাজীর্ণ অবস্থা ও পরিকাঠামোগত ব্যর্থতা গোপন করতেই বিজেপি সরকার এই দমনমূলক সিদ্ধান্ত নিয়েছে। তবে আইনি ব্যবস্থার হুমকি সত্ত্বেও পিছু হটতে নারাজ সিজেপি নেতৃত্ব। দলের সহ-সংযোজক আশুতোষ রাঙ্কা স্পষ্ট জানিয়েছেন, গ্রেফতারির ভয় বা সরকারি বাধা উপেক্ষা করেই তাঁরা স্কুলগুলির বেহাল দশা দূর করতে এবং শিক্ষার মান ফেরাতে এই পরিদর্শন অভিযান জারি রাখবেন।