এক কার্ডেই ৫ লাখ টাকার ফ্রি চিকিৎসা! পশ্চিম মেদিনীপুরের এই ১৩১টি হাসপাতালেই মিলবে বিশেষ সুবিধা, তালিকায় কারা?

পশ্চিম মেদিনীপুর জেলায় ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের চিকিৎসা পরিষেবা পেতে চলা উপভোক্তাদের জন্য এল বড় সুখবর। জেলার ৪৫টি সরকারি এবং ৮৬টি বেসরকারি হাসপাতালসহ মোট ১৩১টি স্বাস্থ্যকেন্দ্রে এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাবে। জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যেই প্রথম দফায় প্রায় ১ লক্ষ উপভোক্তার হাতে আয়ুষ্মান ভারত কার্ড তুলে দেওয়া হবে। চূড়ান্ত সমীক্ষা শেষ হলে জেলার প্রায় ৩২ লক্ষ উপযুক্ত বাসিন্দা এই স্বাস্থ্য সুবিধার আওতায় আসবেন। মূলত যেসব পরিবারের কাছে এএওয়াই, পিএইচএইচ বা এসপিএইচএইচ ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে এবং যাঁরা স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীন, তাঁরা এই কার্ড পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।
আয়ুষ্মান ভারত যোজনার অধীনে জটিল সার্জারি থেকে শুরু করে মোট ১৯৫০ ধরণের নানা চিকিৎসা পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। এতে হাঁটু বা হিপ প্রতিস্থাপনের মতো ব্যয়বহুল অস্ত্রোপচার যেমন অন্তর্ভুক্ত রয়েছে, তেমনই নির্দিষ্ট ফার্মেসি থেকে ওষুধের মূল্যে ৫০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় মিলবে। স্বাস্থ্যসাথী কার্ডের মতোই এই কার্ডেও উপভোক্তারা প্রতি বছর সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। বর্তমানে জেলার সমীক্ষার কাজ প্রায় ৮৫ শতাংশ সম্পন্ন হয়েছে এবং নামমাত্র কিছু নাম তালিকা থেকে বাদ পড়েছে। দেশজুড়ে একাধিক প্রখ্যাত হাসপাতালে বিনামূল্যে উন্নত চিকিৎসার সুযোগ পাওয়ার আশায় এখন দিন গুনছেন জেলাবাসী।