সুইসাইড নোটে চাঞ্চল্যকর দাবি! ব্ল্যাকমেল-হুমকির জাঁতাকলে কি প্রাণ গেল প্রাক্তন মন্ত্রীর?

প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যজনক আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চরম শোরগোল শুরু হয়েছে। বর্ষীয়ান এই রাজনীতিকের মৃত্যুর নেপথ্যে ফোনে কোনওপ্রকার ব্ল্যাকমেল বা হুমকি দেওয়া হয়েছিল কি না, তা অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে তদন্তকারী পুলিশ ও ফরেন্সিক দল। মৃত্যুর আগে পর্যন্ত তাঁর ব্যবহৃত মোবাইল ফোনের কল ডিটেইলস এবং হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখা হচ্ছে। পরিবার এবং রাজনৈতিক মহলের একাংশের দাবি, রাজনৈতিক পটপরিবর্তনের পর তৈরি হওয়া দূরত্বের জেরে তাঁকে গভীর ষড়যন্ত্রের শিকার করা হয়ে থাকতে পারে।
এদিকে, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া একটি সুইসাইড নোটে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের কাজ নিয়ে দুর্নীতির ভিত্তিহীন অভিযোগ তুলে তাঁকে কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছিল বলে জোরালো দাবি করা হয়েছে। নোটে স্পষ্ট করা হয়েছে যে টেন্ডার কমিটি কিংবা কোনো ধরনের সার্টিফিকেট ইস্যু করার এক্তিয়ার তাঁর ছিল না। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল থেকে হাতের ছাপসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করার পাশাপাশি চিঠিটি তাঁরই কি না, তা যাচাই করতে ফরেন্সিক পরীক্ষার সাহায্য নিচ্ছে।