স্কুলে বহিরাগত প্রবেশে কড়া নিষেধাজ্ঞা! রাজস্থান সরকারের পদক্ষেপে তুঙ্গে রাজনৈতিক তরজা

রাজ্যজুড়ে সরকারি স্কুলের বেহাল দশা নিয়ে আলোচনার মধ্যেই স্কুলগুলিতে বাইরের লোকজনের প্রবেশ, ছবি তোলা ও ভিডিয়োগ্রাফির ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে রাজস্থান সরকার। শিক্ষার্থীদের গোপনীয়তা ও নিরাপত্তা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা রাজ্যজুড়ে ‘স্কুল ঠিক করো’ অভিযান চালিয়ে স্কুল পরিদর্শনের ঘোষণা করার ঠিক পরেই প্রশাসন এই কঠোর নির্দেশিকা জারি করে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান শিক্ষক বা অনুমোদিত কর্মকর্তার লিখিত অনুমতি ছাড়া কেউ ক্লাসরুম, ল্যাবরেটরি বা খেলার মাঠে প্রবেশ করতে পারবেন না।
রাজ্য সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বিরোধী দল কংগ্রেস একে দমনমূলক নিয়ম বলে অভিহিত করেছে। তাদের দাবি, সরকারি স্কুলগুলোর পরিকাঠামোগত ব্যর্থতা ঢাকতেই সরকার এই পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে সিজেপি তাদের ‘স্কুল ঠিক করো’ অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি ব্যবস্থা নেওয়া হলেও স্কুলের অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত তাদের এই পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে।