আমেরিকার ভোটে ভারতের মডেল? জ্ঞানেশ কুমারের নাম টেনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের তোলপাড় করা পোস্ট!

আমেরিকার ভোটে ভারতের মডেল? জ্ঞানেশ কুমারের নাম টেনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের তোলপাড় করা পোস্ট!

মার্কিন নির্বাচনে কারচুপি রোধ ও স্বচ্ছতা ফেরাতে ভারতের সফল নির্বাচনী ব্যবস্থাকে উদাহরণ হিসেবে তুলে ধরলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, ভারতের গত লোকসভা নির্বাচনে প্রায় ৬৪ কোটি ৬০ লক্ষ মানুষ বৈধ ফটো পরিচয়পত্র দেখিয়ে ভোট দিয়েছেন। একই সঙ্গে তিনি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নাম উল্লেখ করে মার্কিন কংগ্রেসে ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ পাসের জোর দাবি জানান। প্রস্তাবিত এই আইন অনুযায়ী, আমেরিকার ভোটারদের পরিচয়পত্র ও নাগরিকত্বের প্রমাণ দেখানো বাধ্যতামূলক করা হবে। প্রসঙ্গত, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর সম্প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন এবং ট্রাম্পের এই অবস্থানকে সমর্থন জানিয়েছেন।

তবে ট্রাম্পের এই পদক্ষেপ আমেরিকায় এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আইনটির সমর্থকদের মতে, কঠোর ভোটার আইডি নিয়ম চালু হলে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা বাড়বে। অন্যদিকে বিরোধীদের দাবি, বহু মার্কিন নাগরিকের কাছে পর্যাপ্ত নথি নেই, ফলে কঠোর নিয়ম চালু হলে সাধারণ ভোটাররা ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন। ‘বাইপার্টিজান পলিসি সেন্টার’-এর তথ্য উল্লেখ করে তারা জানান, কানসাসে একই নিয়ম চালুর পর হাজার হাজার মানুষ নিবন্ধনে ব্যর্থ হন। তা সত্ত্বেও, ট্রাম্প প্রশাসন বিলটি সেনেটে অনুমোদনের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে, যা মার্কিন রাজনীতিতে ভারত-মডেলকে কেন্দ্র করে এক অভূতপূর্ব আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *