বিদ্রোহী সাংসদদের কপালে শনি! সায়নী-কাকলিদের বিরুদ্ধে সরাসরি সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়!

সংসদে বাদল অধিবেশন শেষ হলেও ২০ জন বিক্ষুব্ধ সাংসদের ভাগ্য নিয়ে তৈরি হওয়া জট কাটেনি। দলত্যাগ বিরোধী আইন কার্যকর করে সাংসদ পদ খারিজের দাবিতে এবার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার শীর্ষ আদালতে দায়ের করা এই মামলায় লোকসভার স্পিকার ওম বিড়লা, সেক্রেটারি জেনারেল এবং ২০ জন বিদ্রোহী সাংসদকে পক্ষ হিসেবে যুক্ত করা হয়েছে। চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে গত জুন ও জুলাই মাসে এই বিদ্রোহী সাংসদদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে লোকসভার স্পিকারের সঙ্গে একাধিকবার দেখা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু স্পিকারের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো পদক্ষেপ না নেওয়ায় এবং উল্টো দিকে এই সাংসদরা শাসক শিবিরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ায় এই কড়া পদক্ষেপ করল কালীঘাট তৃণমূল। গত সপ্তাহেই আইনি লড়াইয়ে নামার যে ইঙ্গিত মিলেছিল, সোমবার তা বাস্তবে পরিণত হলো।