পাড়ায় দেহ ব্যবসার বিরোধিতা: চাঁপাডাঙ্গায় রক্তক্ষয়ী সংঘর্ষ, সরগরম রাজনীতি

তারকেশ্বরের চাঁপাডাঙ্গা এলাকায় পাড়ায় বেআইনি দেহ ব্যবসার প্রতিবাদ করায় এক নাবালিকার পরিবারের সদস্যদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। হামলায় পরিবারের একাধিক সদস্য আহত হয়েছেন।
স্থানীয় সূত্র ও পরিবার সূত্রে জানা গিয়েছে, এলাকায় দীর্ঘদিন ধরে এই অনৈতিক কার্যকলাপ চলছিল। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় এক নাবালিকা সম্প্রতি বিডিও-সহ বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ জানায়। অভিযোগের খবর পৌঁছতেই ক্ষুব্ধ হয়ে ওঠে অভিযুক্ত গোষ্ঠী। দুপুরে নাবালিকার মা চাঁপা লোহার ও তাঁর পরিবারের ওপর আচমকা চড়াও হয়ে মারধর করা হয় বলে দাবি।
আহতদের দ্রুত উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসার পর পরিবারের পক্ষ থেকে তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সহ-সভাপতি গণেশ চক্রবর্তীর দাবি, প্রশাসনকে আগে থেকে জানানো সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হয়নি, যার পরিণতিতেই আজ প্রতিবাদী পরিবারের ওপর এই বর্বরোচিত হামলা চালানো হলো।