অফিসের সহকর্মী নাকি বিষাক্ত শত্রু? বিপদ এড়াতে চাণক্যের ৫ মোক্ষম নীতি!

কর্পোরেট জগতে প্রতিদিন যাঁদের সঙ্গে ৮-৯ ঘণ্টা সময় কাটানো হয়, তাঁদের সবাইকে চোখ বন্ধ করে ‘বন্ধু’ ভাবাই জীবনের সবচেয়ে বড় ভুল। ‘টিমওয়ার্ক’ বা ‘ফ্যামিলি কালচার’-এর মতো চটকদার শব্দের আড়ালে অফিসে প্রতিনিয়ত চলে হিংসা, প্রতিযোগিতা আর নোংরা পলিটিক্স। অন্যের পদোন্নতি আটকে দেওয়া, সহকর্মীর প্রাপ্য ক্রেডিট নিজের নামে চালিয়ে দেওয়া কিংবা বসের প্রিয়পাত্র হওয়া—এসবের জন্য অনেকেই যেকোনো স্তরে নামতে প্রস্তুত।
কর্পোরেট ভাষায় এটাকে বলা হয় ‘ব্যাকস্ট্যাবিং’ বা পিঠে ছুরি মারা। একবার এই অফিস পলিটিক্সের চক্রান্তে পড়লে আপনার বছরের পর বছরের কঠিন পরিশ্রম একমুহূর্তে মাটি হয়ে যেতে পারে।
আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে আচার্য চাণক্য রাজদরবারের কূটনীতি নিয়ে যে উপদেশ দিয়েছিলেন, আজকের কর্পোরেট দুনিয়ায় টিকে থাকতে হলেও ঠিক ততটাই সতর্ক থাকা প্রয়োজন। অফিসে নিজেকে নিরাপদ রাখতে এবং পেশাদারিত্ব বজায় রাখতে মেনে চলুন চাণক্যের এই ৫টি ‘সারভাইভাল নীতি’:
১. কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না
চাণক্যের মূল নীতিই হলো—অতি বিশ্বাসই বিপদের কারণ। কাজের মাঝে যে সহকর্মী ক্যানটিনে চা খেতে খেতে আপনার দুঃখ-কষ্টের গল্প মন দিয়ে শুনছে, সে-ই সুযোগ বুঝে আপনার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। তাই নিজের বেতন, বসের প্রতি ক্ষোভ, ব্যক্তিগত সমস্যা এবং প্রজেক্টের গোপন প্ল্যান—এই চারটি বিষয় ভুলেও কাউকে বলবেন না। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক পেশাদার স্তরেই সীমাবদ্ধ রাখুন।
২. পরিকল্পনা আগেই প্রকাশ করবেন না
আপনার নতুন প্রজেক্টের আইডিয়া, পদোন্নতির চেষ্টা বা কাজের কৌশল সময়ের আগে প্রকাশ করবেন না। আগেভাগে ছক ফাঁস করলে সুযোগসন্ধানী সহকর্মীরা আপনার আইডিয়া নিজের নামে চালিয়ে দিতে পারে। কাজ নীরবে শেষ করুন, সাফল্য নিজেই কথা বলবে।
৩. কম কথা বলুন, পারফরম্যান্সে জোর দিন
কথা যত কম বলবেন, কাজ তত ভালো হবে। অহেতুক মিটিংয়ে বড় বড় কথা না বলে বা নিজের ঢাক নিজে না পিটিয়ে কাজের মানের দিকে নজর দিন। আপনার ডেটা, রিপোর্ট এবং রেজাল্টই বসের কাছে আপনার আসল পরিচয় তৈরি করবে। তোষামোদের চেয়ে কাজের পারফরম্যান্স সবসময়ই বেশি শক্তিশালী।
৪. শত্রু ও মিত্র চিনতে শিখুন
চাণক্য সবসময় শত্রুকে চিনে রাখার পরামর্শ দিয়েছেন। অফিসে মূলত তিন ধরনের মানুষ থাকে—সহযোগিতাকারী, নিরপেক্ষ এবং সুযোগসন্ধানী। যাঁরা সুযোগ পেলেই আপনার পিঠে ছুরি মারে বা কাজের ক্রেডিট চুরি করে, তাঁদের সাথে সম্পর্ক কেবল ‘হাই-হ্যালো’ বা সৌজন্যমূলক কথোপকথনের মধ্যেই সীমাবদ্ধ রাখুন।
৫. সময়মতো সঠিক পদক্ষেপ নিন
পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই সতর্ক হওয়া প্রয়োজন। যদি দেখেন টিমে অতিরিক্ত নোংরা রাজনীতি চলছে, সেখান থেকে সরার বুদ্ধিমানের কাজ। কেউ আপনাকে ফাঁসাতে চাইলে আবেগের বশে সিদ্ধান্ত না নিয়ে ইমেইল, ডেটা ও সঠিক প্রমাণসহ এইচআর (HR) বা বসের সাহায্য নিন। অফিসে মার্জিত ও ভালো হওয়া ভালো, তবে অতি-সরল হওয়া বিপদ ডেকে আনে।