ভোররাতে দাউদাউ আগুন কলকাতা বিমানবন্দরে, অলৌকিক রক্ষায় এড়ালো বড় বিপর্যয়!

ভোররাতে দাউদাউ আগুন কলকাতা বিমানবন্দরে, অলৌকিক রক্ষায় এড়ালো বড় বিপর্যয়!

মঙ্গলবার ভোররাতে কলকাতা বিমানবন্দরের অত্যন্ত সংবেদনশীল এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) ভবনে হঠাৎ আগুন লেগে যাওয়ায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে দমকল কর্মীদের দ্রুত ও যৌথ পদক্ষেপের ফলে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং এক বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বিমানবন্দরটি।

বিমানবন্দর সূত্রের খবর, ভোর ৪টে নাগাদ এটিসি ভবনের তিনতলায় হঠাৎ আগুনের ফুলকি দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুনের তীব্রতা বাড়ে এবং তিনতলার একাংশ দাউদাউ করে জ্বলতে শুরু করে। ধোঁয়ায় পুরো চত্বর ঢেকে গেলে তৎক্ষণাৎ বিমানবন্দরে প্রস্তুত দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। প্রথমে একটি এবং পরে আরও দুটি—মোট তিনটি ইঞ্জিনের প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিক তদন্ত ও আধিকারিকদের অনুমান, বিগত ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ভবনে যে বিশেষ আলোকসজ্জা বা টুনি লাইট লাগানো হয়েছিল, সেখান থেকে শর্ট সার্কিট হয়েই এই বিপত্তি ঘটে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের নিখুঁত কারণ জানতে এখনও অনুসন্ধান চালানো হচ্ছে।

উল্লেখ্য, এই এটিসি ভবনের আটতলা থেকেই পুরো আকাশসীমা ও বিমান ওঠা-নামা নিয়ন্ত্রণ করা হয়। ঘটনার সময় চরম আতঙ্ক তৈরি হলেও বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে সমস্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নির্ধারিত সময়সূচি মেরেই বিমান চলাচল জারি রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *