চাকরিপ্রার্থীদের জন্য সুখবর: ২০২৭ সালের মধ্যে রাজ্যে ১ লক্ষ শূন্যপদে স্বচ্ছ নিয়োগের প্রতিশ্রুতি!

পশ্চিমবঙ্গের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য একটি বড় আশার খবর সামনে এসেছে। সম্প্রতি পুরুলিয়ার মানবাজারে একটি জলপ্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে কর্মসংস্থান নিয়ে এক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে, আগামী ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে রাজ্যে সম্পূর্ণ মেধার ভিত্তিতে ও স্বচ্ছতার সঙ্গে প্রায় ১ লক্ষ শূন্যপদে নিয়োগ সম্পন্ন করা হবে।
পিএসসি (WBPSC)-র মাধ্যমে নিয়োগের চিত্র রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের অধীনে বিভিন্ন দফতরে ২৫ হাজারেরও বেশি পদে নিয়োগের প্রস্তুতি চলছে। বর্তমানে ৫৪টি সরকারি দফতরে গ্রুপ ‘এ’, ‘বি’ ও ‘সি’ মিলিয়ে মোট ১৭,৭১৪টি পদে নিয়োগ প্রক্রিয়া চলমান, যার জন্য আবেদন করেছেন প্রায় ১২.৬৫ লক্ষ পরীক্ষার্থী। এর বাইরে আরও ৮,০০৮টি শূন্যপদের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশ হতে চলেছে। পাশাপাশি, পুরসভা ও সমবায় সংক্রান্ত নিয়োগগুলিও ভবিষ্যতে পিএসসি-র মাধ্যমেই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুলিশ ও শিক্ষা দফতরে বড় সুযোগ
- পুলিশ বিভাগ: পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (PRB)-এর তথ্য অনুযায়ী, প্রথম দফায় ১২ হাজার কনস্টেবল নিয়োগের কাজ দ্রুত শেষ করার পরিকল্পনা রয়েছে। এর পরপরই আরও ১৭,১৪৩টি শূন্যপদে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।
- শিক্ষা বিভাগ: আদালতের নির্দেশ মেনে চলছে সহকারী শিক্ষক নিয়োগের কাজ। ৩৯ হাজার পদের মধ্যে প্রায় ১৫ হাজারের তথ্য যাচাই (Verification) ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এছাড়া, নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল সংক্রান্ত প্রক্রিয়ায় গতি আনার চেষ্টা চলছে।