পুজোর আগেই পকেটে আসবে বাড়তি টাকা! কোন সরকারি কর্মীদের একধাক্কায় ৫০০০ টাকা বেতন বাড়ালেন মুখ্যমন্ত্রী?
রাজ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করে বনকর্মীদের জন্য বড়সড় আর্থিক উপহারের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার মোহরকুঞ্জে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠান থেকে তিনি জানান, আসন্ন দুর্গাপুজোর আগে অক্টোবর মাস থেকেই রাজ্যের বনকর্মীদের বেতন বাড়তে চলেছে। মূলত ফরেস্ট রেঞ্জার, বিট অফিসার ও ফরেস্ট গার্ডদের বেতন একধাক্কায় ৫,০০০ টাকা বাড়ানো হচ্ছে। অন্যদিকে, চুক্তিভিত্তিক বন সহায়করা, যাঁরা এতদিন মাত্র ১০,০০০ টাকা পেতেন, তাঁদের বেতন ২,০০০ টাকা বাড়িয়ে ১২,০০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই ঘোষণায় উপকৃত হবেন হাজার হাজার বনকর্মী।
অনুষ্ঠানে পরিবেশ রক্ষার ওপর জোর দিয়ে মুখ্যমন্ত্রী কংক্রিটের জঙ্গল পরিবেষ্টিত শহরকে বাঁচাতে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। বিশেষ করে সুন্দরবন অঞ্চলে প্রাকৃতিক বিপর্যয় রুখতে ম্যানগ্রোভের গুরুত্ব তুলে ধরে তিনি জানান, উপকূলীয় অঞ্চলে অবৈধ দখলদারি বন্ধ করে শীতকালে অন্তত ৩ কোটি ম্যানগ্রোভ চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাকৃতিক রক্ষাকবচ হিসেবে ম্যানগ্রোভ পুনরুদ্ধারের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় বনকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা মাথায় রেখেই উৎসবের মৌসুমে এই বেতন বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।