এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গখ্যাত শিবনিবাস এবার পর্যটন মানচিত্রে!

উত্তরবঙ্গের জল্পেশের আদলে এবার এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গখ্যাত নদিয়ার শিবনিবাসকে ধর্মীয় পর্যটন সার্কিটের অন্তর্ভুক্ত করার আশ্বাস দিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। শ্রাবণ মাসের শেষ সোমবারের প্রাক্কালে শিবনিবাস মন্দির পরিদর্শন করে এই শৈবতীর্থের পর্যটন প্রসারের কথা ঘোষণা করেন তিনি। একই সঙ্গে স্থানীয় ঐতিহ্যবাহী শ্রাবণী মেলাকে রাজ্যের প্রধান পর্যটন মানচিত্রে তুলে ধরার বিষয়ে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা জানান মন্ত্রী। রবিবার মন্দির চত্বরে পুজো দিয়ে মন্ত্রী জানান, উত্তরবঙ্গের জল্পেশের মতো এই অঞ্চলেও প্রতি বছর হাজার হাজার পুণ্যার্থীর সমাগম হয়, তাই এই ধর্মীয় কেন্দ্রকে ঘিরে পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা রয়েছে সরকারের।
এদিকে, শ্রাবণের শেষ সোমবার হওয়ায় এদিন সকাল থেকেই শিবনিবাসে পুণ্যার্থীদের ঢল নামে। বৃষ্টি, কাদা ও প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে মন্দির চত্বর কার্যত জনসমুদ্রের রূপ নেয়। গত কয়েক বছরের তুলনায় এই বছর ভক্তসমাগম অনেকটাই বেশি ছিল বলে দাবি স্থানীয়দের। পুণ্যার্থীদের ভিড় সামলাতে এবং সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করতে চত্বরে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও প্রশাসন কর্মী মোতায়েন করা হয়েছিল। সরকারের এই নতুন পর্যটন ভাবনায় আগামী দিনে এই ঐতিহাসিক তীর্থক্ষেত্রের আরও উন্নতি ঘটবে বলে আশা করা হচ্ছে।