করোনা আবহেই নেপালে আঁটঘাট, ‘মিশন বাংলা’ চালাতে ধর্মসভায় আইএসআই-এর গোপন ফাঁদ! জেরায় ফাঁস পাক চর রানার

সম্প্রতি রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (STF) হাতে গ্রেফতার হওয়া পাক গুপ্তচর রানা রউফ খালিদকে জেরা করে ভারতে চরম অশান্তি ছড়ানোর এক চাঞ্চল্যকর নীল নকশা ফাঁস করেছেন গোয়েন্দারা। ২০২০ সালের ফেব্রুয়ারিতে নেপালের সাপতারি জেলার বোদবারসাইনে আয়োজিত ‘আলামি তবলিঘি ইজতেমা’ নামে একটি আন্তর্জাতিক ধর্মসভার আড়ালেই এই ষড়যন্ত্র রচনা করা হয়। বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের লক্ষাধিক মানুষের জমায়েতের সুযোগ নিয়ে পাকিস্তান থেকে আসা আইএসআই কর্তারা সেখানে গোপনে ভারতের কিছু বাসিন্দা ও নেপালে কর্মরত পাকিস্তানি এজেন্টদের সঙ্গে বৈঠকে বসে। ওই আন্তর্জাতিক সমাবেশে নিজে উপস্থিত থেকে রানাও পাক গোয়েন্দা কর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তোলে।
তদন্তে জানা গিয়েছে, এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল হাওলার মাধ্যমে অর্থ জোগানের প্রলোভন দেখিয়ে পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন অংশে নেটওয়ার্ক ও স্পেশাল ‘সেল’ তৈরি করা। রানা ছাড়াও কাশিফ, হানিফ চৌধুরি, সোহায়েলের মতো একাধিক এজেন্টের সহায়তায় ভারতের সীমান্তবর্তী নেপালের বিভিন্ন এলাকা এবং কাঠমান্ডুতে আইএসআই-এর ঘাঁটি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। সেখান থেকেই ভুয়ো পরিচয়পত্র বানিয়ে কলকাতা ও উত্তরবঙ্গে প্রবেশ করে চরবৃত্তি চালানোর নির্দেশ দেয় পাক গোয়েন্দা সংস্থা। এছাড়া সীমান্ত এলাকায় সক্রিয় প্রায় ১৫টি সন্দেহভাজন সংগঠনকে ব্যবহার করে ভারতে জঙ্গি কার্যকলাপ চালানোর পরিকল্পনা করা হয়েছিল বলেও গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে।