অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পাননি? বাড়ি বসেই কেল্লাফতে, মুখ্যমন্ত্রী জানালেন সহজ সমাধানের পথ!
রাজ্য সরকার সোমবার থেকে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা প্রদান শুরু করেছে। মোট ১ কোটি ৪৫ লক্ষ যোগ্য আবেদনকারীর অ্যাকাউন্টে ধাপে ধাপে ৩,০০০ টাকা করে পৌঁছে দেওয়া হচ্ছে, যার মোট বরাদ্দ ৪,৩৫০ কোটি টাকা। তবে প্রাথমিক খতিয়ে দেখা ১ কোটি ৬২ লক্ষ আবেদনের মধ্যে আধার কার্ডের তথ্যে অমিলসহ বিভিন্ন কারণে প্রায় ১৭ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। যাঁদের অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছায়নি বা আবেদন বাতিল হয়েছে, তাঁদের জন্য সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নের যৌথ সাংবাদিক বৈঠকে এই সংক্রান্ত যাবতীয় সংশয় দূর করে দ্রুত সমাধানের সুনির্দিষ্ট নির্দেশিকা প্রদান করা হয়েছে।
যাঁরা আবেদন করেও টাকা পাননি, তাঁদের জন্য আগামী ২০ অগাস্ট থেকে চালু হচ্ছে বিশেষ অনলাইন পোর্টাল। এই পোর্টালে লগ ইন করলেই আবেদনকারীরা জানতে পারবেন তাঁদের আবেদন বাতিলের সুনির্দিষ্ট কারণ এবং বাড়ি বসেই প্রয়োজনীয় সংশোধন বা নতুন অভিযোগ জমা দিতে পারবেন। আগামী ১০ থেকে ১৫ তারিখের মধ্যে যাচাই বাছাই শেষে যোগ্যদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। প্রযুক্তিগত কোনো সমস্যা দেখা দিলে স্থানীয় মহিলা মোর্চার সাহায্য নেওয়া এবং ওয়ার্ডে ওয়ার্ডে ‘অন্নপূর্ণা গ্রুপ’ তৈরি করে একে অপরকে গাইড করার পরামর্শও দেওয়া হয়েছে। ভুল নাম অন্তর্ভুক্ত হলে সে বিষয়েও সাধারণ মানুষ এই পোর্টালে সরাসরি আপত্তি জানাতে পারবেন।