ছাত্র বিক্ষোভের জেরে বড় ধাক্কা! টিআইএসএস সমাবর্তন থেকে বাদ প্রধান বিচারপতি সূর্য কান্ত

মহারাষ্ট্রের নামি শিক্ষাপ্রতিষ্ঠান ‘টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স’ (TISS)-এর স্থগিত হওয়া ৮৬তম সমাবর্তনের নতুন তারিখ ঘোষণা করা হলেও বড় পরিবর্তন এসেছে প্রধান অতিথির তালিকায়। পূর্বঘোষিত সূচি অনুযায়ী গত ২ অগাস্ট এই অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও, নিরাপত্তার কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়। অবশেষে আগামী ২২ অগাস্ট সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে নতুন নিমন্ত্রণপত্র অনুযায়ী, প্রধান অতিথির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তকে। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে টাটা মেমোরিয়াল হাসপাতালের ডিরেক্টর ড. সিএস প্রমেশকে।
অফিসিয়ালভাবে সুনির্দিষ্ট কারণ জানানো না হলেও, বিভিন্ন মহলের দাবি—শিক্ষার্থীদের একাংশের সম্ভাব্য বিক্ষোভের আশঙ্কাই এই পরিবর্তনের মূল কারণ। সম্প্রতি প্রধান বিচারপতির একটি মন্তব্যকে কেন্দ্র করে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রমহলে অসন্তোষ তৈরি হয়, যার রেশ দেখা গিয়েছিল হায়দরাবাদের নালসার আইন বিশ্ববিদ্যালয়েও। সেই নিরাপত্তা ও বিক্ষোভের শঙ্কা থেকেই টিআইএসএস কর্তৃপক্ষ শেষ মুহূর্তে প্রধান অতিথির পদে এই পরিবর্তন আনতে বাধ্য হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।